দুঃস্থ হিন্দু বোনের বিয়ে দিল মুসলিম ভাইয়েরা - The News Lion

দুঃস্থ হিন্দু বোনের বিয়ে দিল মুসলিম ভাইয়েরা




দি নিউজ লায়ন ;   দুঃস্থ পরিবারের হিন্দু বোনের বিয়ে দিল এলাকারই মুসলিম ভাইয়েরা। বৃহস্পতিবার রাতে কালিয়াচক থানার চরিঅনন্তপুর এলাকার দৌলতটোলা গ্রামে  রীতিমতো ঢাকঢোল বাজিয়ে এবং গ্রামবাসীদের খাবারের আয়োজন করেই দুঃস্থ পরিবারের মেয়ে রিংকি মন্ডলের বিয়ের ব্যবস্থা করেন কালিয়াচকের একদল যুবক। ছাদনাতলা সাজানো থেকে রাতের খাবারের আয়োজন , ব্যান্ড পার্টি বাজানো থেকে বরযাত্রীর আপ্যায়ন সবেতেই সামিল হন এলাকারই মুসলিম যুবকেরা। 


এই ঘটনায় ফের আরও একবার মালদার কালিয়াচকের সম্প্রীতির অনন্য নজির উঠে এলো। স্থানীয় যুবকদের এই সহযোগিতা পেয়ে রীতিমতো আবেগে আপ্লুত পাত্রী রিংক মন্ডল ও তার পরিবার। কখনই তারা ভাবতে পারেন নি গরিব পরিবারের মেয়ের বিয়ে এতটাই ধুমধাম করে হবে। এক্ষেত্রে সম্পূর্ণ সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে কালিয়াচকের বাসিন্দা আলমগীর খান , হাবিব মোস্তফা, আব্দুল্লাহ আল রাজি, মোহাম্মদ ইলিয়াসদের মতোন কিছু যুবকেরা। 


তারাই নিজেদের পকেটের টাকা খরচ করে প্রতিবেশী বোন রিংকি মন্ডলের এই বিয়ের আয়োজন করেছেন। বরপক্ষের আপ্যয়ন থেকে গ্রামবাসীদের খাওয়ানোর আতিথিয়তায় কোন কিছুতেই ভাঁটা পড়তে দেয় নি ওই মুসলিম যুবকেরা। তাদের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছে মালদার বুদ্ধিজীবী, শিক্ষাবিদ, রাজনৈতিক সহ বিভিন্ন মহল। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, দৌলতটোলা গ্রামের বাসিন্দা রিংকি মন্ডলেরা দুই বোন। 


বহু বছর আগে বড় বোনের বিয়ে হয়ে গিয়েছে‌। কোনরকম অনুষ্ঠান না করেই গরিব পরিবারের পক্ষ থেকে বড় মেয়ের বিয়ে দেওয়া হয়। পরিবারের অভিভাবক বলতে রিং মন্ডলের বাবা অসুস্থ থাকাকালীন চার বছর আগে প্রয়াত হয়েছেন। পরিবারের ছোট মেয়েকে নিয়ে কোনরকমে সংসার টানছিলেন মা সুজাতা মন্ডল।  কিন্তু মেয়ের বিয়ের বয়স হলেও পাত্র পক্ষের দাবি মত ধুমধাম করে বিয়ে দেওয়ার সামর্থ ছিল না রিংকি মন্ডলের পরিবারের।


 বিষয়টি জানতে পেরে স্থানীয় একদল মুসলিম যুবকেরাই রিংকি মন্ডলকে বোন পাতিয়ে তার বিয়ের আয়োজনের তোড়জোড় শুরু করেন। বৃহস্পতিবার স্থানীয় এলাকার এক ব‍্যক্তির সঙ্গে রিংকি মন্ডলের বিয়ে সম্পন্ন হয়। ছাদনাতলায় পুরোহিতের মন্ত্র উচ্চারণের মাধ্যমে হিন্দু শাস্ত্র মতে চার হাত এক হয় রিঙ্কি মণ্ডলের সঙ্গে তার হবু স্বামীর।


এর পাশাপাশি নিমন্ত্রিতদের খাওয়ানো হয় ভাত, ডাল , দুই রকমের সবজি, ভাজা, কাতল মাছের কালিয়া , চাটনি , মিষ্টি। যারা নিমন্ত্রিত ছিলেন তাদের প্রত্যেকে এই যুবকদের উদ্যোগ দেখে তাঁদের সাধুবাদ জানিয়েছেন।  ছাদনা তলায় বিয়ের মুহূর্তে মুসলিম ভাইদের এই আপ্পায়ন দেখে রীতিমতো চোখ দিয়ে জল বেরিয়ে আসে রিংকি মন্ডলের। 


তিনি বলেন , আজ আমার জন্য এলাকার মুসলিম ভাইয়েরা যা করেছেন, হয়তো পরিবার কোনোদিনই করতে পারত না‌ এই ভাইদের জন্য আমি বিয়ের পিঁড়িতে বসতে পেরেছি। গরিব পরিবারের মেয়ে হওয়া তে কত জ্বালা, সেটা আমার মত যারা আছেন তারাই বুঝতে পারছেন।


 লোকের বাড়ি কাজ করে মা সংসার টানে। সেখানেই এইভাবে মুসলিম ভাইয়েরা আমার বিয়ের জন্য এগিয়ে আসবে, তা কোনদিন ভাবতেই পারি নি। আমার ভাইয়েরা যাতে ভবিষ্যতে আরও উন্নতি করতে পারে, সেই আশীর্বাদ ওদের করেছি।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.